মিক জ্যাগারের অসুস্থতায় সফর বাতিল রোলিং স্টোনসের

কিংবদন্তি রক গায়ক মিক জ্যাগারের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র ও কানাডায় পূর্ব ঘোষিত কনসার্ট বাতিল করল জনপ্রিয় ব্যান্ড রোলিং স্টোনস। এ কারণে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ৭৫ বছর বয়সী শিল্পী।

সপ্তাহ খানেকের মধ্যেই এ গায়কের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হওয়ার কথা কয়েছে। সে হিসেবে গ্রীষ্মের আগে তার মঞ্চে ফেরা হবে না।

শনিবার সফর বাতিলের ঘোষণা করলেও নিজের অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করেননি মিক জ্যাগার। সোমবার তার ব্যক্তিগত সচিব জানান, শিল্পীর হৃদ্‌যন্ত্রের একটি ভাল্‌ভ অকেজো হয়ে পড়ায় কিছুদিনের মধ্যেই নিউ ইয়র্কে তার অস্ত্রোপচার হবে। তাই মঞ্চে ফিরতে অপেক্ষা করতে হবে গ্রীষ্ম পর্যন্ত।

এক টুইটে জ্যাগার বলেন, “আমেরিকা ও কানাডার টিকিট নেওয়া ফ্যানদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করছি। আপনাদের মন ভেঙে দেওয়ার জন্য খুব খারাপ লাগছে। সফর বাতিল করার জন্য আমিও হতাশ হয়ে পড়েছি, তবে মঞ্চে ফিরে আসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব খুব পরিশ্রম করব। আবারও সবার কাছে ক্ষমা চাইছি।”

জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার সময় মিক জ্যাগারের হৃদ্‌যন্ত্রের সমস্যা ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে তখনই সফর বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।