ছাত্রলীগ সভাপতির ওপর হামলা, আহত ১০

ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ সভাপতির ওপর হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হামলায় সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

সোমবার রাতে ধামরাইর সুয়াপুর মোড় এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে ধামরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. ওবায়দুল্লা ও উপজেলার সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম সোহেল রাজ মোটরসাইকেল যোগে যাওয়ার সময় কৃষক দলের সভাপতি ওবায়দুল্লার লোকজন তার ওপরে হামলা চালায়। এ সময় ছাত্রলীগ সভাপতির চিৎকারে তার কর্মী সমর্থকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দফায় দফায় চলা এ সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি সোহেল রাজসহ আহত হয় অন্তত ১০ জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরে উপজেলা কৃষক দলের সভাপতি ওবায়দুল্লাহ লোকজন নিয়ে পরিকল্পিতভাবে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রাজের ওপর হামলা চালায়। হামলাকারীরা সোহেল রাজের দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় নেতাকর্মীরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করে ওবায়দুল্লার ভাড়াটে সন্ত্রাসীরা। আমি এঘটনার সুষ্ঠু তদন্ত  ও বিচারের দাবি করছি।

তবে হামলার বিষয়ে অভিযুক্ত কৃষক দল নেতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ছাত্রলীগ সভাপতির ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।