মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে জনগণের সঙ্গে বেইমানি ও প্রতারণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে মোকাব্বির খান শপথ নেওয়ায় পর সাংবাদিকদের কাছে এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থিত গণফোরামের প্রার্থী হিসেবে সিলেট-২ আসনে জয়লাভ করেন। নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে শপথ না নেওয়ার দলীয় সিদ্ধান্ত নেয় গণফোরাম।
দলীয় ও জোটগত সিদ্ধান্ত পাশ কাটিয়ে মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ক্ষুব্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা তার (মোকাব্বির) নিজের দলের সঙ্গে, জনগণের সঙ্গে এবং ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা।
এর আগে ৭ মার্চ শপথ নেন ফ্রন্টের আরেক সদস্য ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মনসুর। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়ায় তাকে ফ্রন্ট ও গণফোরাম থেকে বহিষ্কার করা হয়।