নির্যাতন মামলা থেকে অব্যাহতি পেলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে নারী নির্যাতন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

গত বছর সেপ্টেম্বরে ন্যান্সি ও তার ছোট ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন সামিউন্নাহার শানু।

একই মামলায় সংগীত শিল্পী ন্যান্সি ও স্বামী নাজিমুজ্জামান জায়েদকেও আসামি করা হয়েছিল। তিনিও এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী সামিউন্নাহার শানুর বিয়ের কয়েক মাস পর থেকে শানুকে তার বাবার বাড়ি থেকে টাকা ও আসবাবপত্র কিনে দিতে চাপ দেয় ন্যান্সির ভাই সানি। মালামাল দিতে অপারগতা প্রকাশ করলে সানি তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এ ধরনের কাজে তার স্বামীর বড় বোন ন্যান্সি ও তার স্বামী জায়েদ সাহায্য সহযোগিতা করেন। তারা সানিকে উসকানি দেওয়া ছাড়াও শানুকে বিভিন্ন সময়ে মানসিক নির্যাতন চালাতেন বলে মামলায় উল্লেখ করা রয়েছে।

মামলার বিবাদী পক্ষের উকিল জীবন কুমার সরকার বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত তাদেরকে অব্যাহতি দিয়েছেন। আমার মক্কেলদের মানসম্মান ক্ষুণ্ন করার জন্য ও আর্থিক সুবিধা পাওয়ার লোভে তাদের এ মামলায় জড়ানো হয়েছিল।

এদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. রাসেল আহমেদ খান দেশ রূপান্তরকে বলেন, নারী নির্যাতন ২০০৩ সংশোধনী আইনে ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানির বিরুদ্ধে আদালত চার্জ গঠন করছে। অপর দুই আসামী ন্যান্সি ও তার স্বামী সরাসরি সম্পৃক্ত নাই বিধায় আদালতের কাছে মনে হয়েছে এবং  আদালত তাদের অব্যাহতি দিয়েছেন।