আশুলিয়ায় ডোবার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বড় নগর তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো ওই গ্রামের হামিদ দেওয়ানের মেয়ে সুমাইয়া আক্তার (৭) ও একই এলাকার ওয়াজেদ মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তার (৯)। তারা দুজনেই স্থানীয় নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্বজনদের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই আব্দুস সালাম জানান, সন্ধ্যার আগে প্রতিবেশী লাল মিয়ার বাড়ির নিকটবর্তী একটি ডোবার পাশেই খেলছিল সুমাইয়া ও ইয়াসমিন। হঠাৎ পা পিছলে ডোবায় পড়ে যায় ইয়াসমিন। তাকে উদ্ধার করতে গেলে সুমাইয়াও পানিতে পড়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ডোবা থেকে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।