নেত্রকোনায় গ্যাস অনুসন্ধানে নমুনা সংগ্রহ বাপেক্সের

নেত্রকোনায় প্রাকৃতিক গ্যাস রয়েছে কি না, তা অনুসন্ধানে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

গতকাল মঙ্গলবার দুপুরে বাপেক্সের একটি দল সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামের আয়ূব আলীর বাড়িতে গিয়ে নলকূপ থেকে গ্যাস বের হওয়ার বিষয়টি অনুসন্ধান করেন। এ সময় বোতলে ভরে গ্যাস সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নিয়ে যান। এ ছাড়াও নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকেও নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানান বাপেক্সের প্রতিনিধিরা।

প্রায় এক মাস আগে বড়ওয়ারী গ্রামের মৎস্যচাষি আয়ূব আলী নলকূপ বসাতে গেলে গ্যাস বের হতে থাকে। এ খবর জেলা প্রশাসক মো. মঈনউল ইসলাম বাপেক্সে অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দিনব্যাপী ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন বাপেক্সের প্রতিনিধিরা।