চট্টগ্রাম অঞ্চলে পরিবেশ দূষণকারী ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পরিবেশ অধিদপ্তরের মেয়াদোত্তীর্ণ ছাড়পত্র দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা, অবৈধ কটেজ নির্মাণ ও পরিবেশ দূষণের দায়ে শিপইয়ার্ড, ইটভাটাসহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানগুলোকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, লক্ষ্মীপুরের বি কে বি ব্রিকসকে ৫০ হাজার টাকা, সীতাকুণ্ডের ম্যাক করপোরেশনের শিপইয়ার্ডকে ৫০ হাজার, সেন্ট মার্টিনের রেহেনা কটেজকে ১০ হাজার ও ফেনীর শুকতারা হ্যান্ড মেইড পেপার প্রজেক্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, নিয়মিত পরিদর্শন ও এনফোর্সমেন্টের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তারা পরিবেশ ছাড়পত্র ও নবায়নবিহীন ইটভাটা ও প্রতিষ্ঠান পরিচালনা করে পরিবেশের ক্ষতিসাধন করছিল। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭-এর আলোকে এই জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে।