মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামছে সিটি করপোরেশন। বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, অগ্নিকা-, ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি নগরীর ২৭টি ওয়ার্ডে দুর্যোগের আগে ও পরে করণীয় সম্পর্কে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবে। গতকাল মঙ্গলবার নগর ভবনে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সহনশীল নগর’ বিষয়ক এক সভায় সিটি মেয়র এসব তথ্য জানান।
সভায় মেয়র বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক সংগ্রহ এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ পুরোপুরি বন্ধ করা হবে। বর্তমানে যেসব ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিমুক্ত করা সম্ভব হলে থাকবে, অন্যথায় তা ভেঙে ফেলা হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অগ্নিকা-ের বিষয়টি মাথায় রেখে সিলেট নগরীর রাস্তা প্রশস্তকরণ, সরকারি-বেসরকারি হাসপাতাল, মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কার্যকর রাখার আহ্বান জানান। এছাড়া নগরীর ছড়া, খাল, দিঘি, পুকুরসহ প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি জানান বক্তারা। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোনসহ সরকারি বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।