কয়েক সপ্তাহ ধরে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলআজিজ বুতেফিকা। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আফ্রিকার বৃহত্তম রাষ্ট্রটিতে গত ২০ বছর ধরে ক্ষমতায় ছিলেন বুতেফিকা। বিরোধীদের প্রতিবাদের মুখে পঞ্চমবারের মতো প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
এপিএসের প্রতিবেদনে জানানো হয়, আলজেরিয়ার সেনাবাহিনীর চিফ অব স্টাফ আহমেদ গাইদ সালাহ প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে দ্রুত প্রক্রিয়া শুরুর দাবি জানান। তার ভাষ্য, অনেক সময় ইতোমধ্যে নষ্ট হয়েছে।
বিবিসির খবরে জানানো হয়, প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশটির শক্তিশালী সেনাবাহিনী ৮২ বছর বয়সী বুতেফিকাকে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণার আহ্বান জানিয়েছিল। ছয় বছর আগে স্ট্রোক হয়েছিল বুতেফিকার। এর পর থেকে তিনি খুব কমই জনসমক্ষে আসতেন।
বুতেফিকার বর্তমান মেয়াদ ২৮ এপ্রিল শেষ হবে। কিন্তু আলজেরিয়ায় টানা বিক্ষোভে নেতৃত্ব দেওয়া লোকজন সে সময় পর্যন্ত তাকে ক্ষমতায় থাকতে দিতে রাজি হননি। বিক্ষোভ থেকে আলজেরিয়ায় ক্ষমতার (যেখানে বড় ভূমিকায় আছে সেনারা) পট পরিবর্তনেরও তাগিদ দেওয়া হয়।