নির্বাচিত জনপ্রতিনিধি ও নীতিনির্ধারকদের জায়গা হচ্ছে পার্লামেন্ট। সেখানে তাদের কর্মকাণ্ডের জন্য কত কিছুই থাকে। থাকে ব্যস্ততার ফাঁকে সামান্য বিনোদনের আয়োজনও। তাই বলে চিড়িয়াখানা!
এরকমই এক উদ্যোগ নিতে যাচ্ছে তুরস্কের পার্লামেন্ট। তবে প্রাণীবৈচিত্র্যের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ চিড়িয়াখানা বসানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দ্য নিউ আরব জানায়, দেশের প্রাণী সংরক্ষণ ও অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি করতে তুরস্কের পার্লামেন্ট একটি চিড়িয়াখানা স্থাপনের পরিকল্পনা করেছে।
১০ হাজার বর্গমিটার জায়গা নিয়ে ছোট আকারে এ চিড়িয়াখানার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট আকৃতির প্রাণী যেমন খরগোশ, হরিণ, পাখি থাকবে এ চিড়িয়াখানায়।
আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির এ চিড়িয়াখানায় শুরুতে থাকবে তিতির, কোয়েল, ময়ূর সহ নানা ধরনের পাখি, হরিণ, খরগোশ, কাঠবিড়ালি। পরবর্তীতে আরও প্রাণী এতে যুক্ত করা হবে।
স্থানীয় নির্বাচনের ব্যস্ততা শেষে যে কোনো দিন স্পিকার মুস্তাফা সেনতফ চিড়িয়াখানা স্থাপনের এ প্রস্তাব উপস্থাপন করবেন পার্লামেন্টে।