পঞ্চাশ বয়সী অজয় দেবগন প্রেমে পড়লেন তার হাঁটুর বয়সী তরুণ রাকুল প্রীত সিংয়ের। সব ঠিকই চলছিল। কিন্তু প্রেমিকাকে মা-বাবার সঙ্গে পরিচিত করতে গিয়ে শুরু বিপত্তি। এর মধ্যে দৃশ্যপটে হাজির হয় অজয়ের সাবেক স্ত্রী টাবু। সঙ্গে প্রেমিকার চেয়ে মাত্র এক বছরের ছোট ছেলে।
অজয়ের ৫০তম জন্মদিনে মঙ্গলবার প্রকাশ হওয়া ‘দে দে পেয়ার দে’ সিনেমার ট্রেলারে উঠে এসেছে এমন মজার ঘটনা। ছবিটি পরিচালনা করেছেন নামি চিত্র সম্পাদক আকিব আলী। এর মাধ্যমে প্রথমবার তিনি পরিচালনা করছেন। ছবিটি মুক্তি পাবে ১৭ মে।
রাকুল প্রীতের সঙ্গে অজয়ের প্রথম সিনেমা হলেও এর অন্যতম আকর্ষণ অনেক দিন পর টাবুর বিপরীতে অভিনয়। বাস্তব জীবনের দুই বন্ধু ক্যারিয়ারের শুরুর দিকে বিজয়পথ (১৯৯৪), হাকিকত (১৯৯৫) ও তাকসক (১৯৯৯) ছবিতে রোমান্স করেছেন। এছাড়া মুখোমুখি হয়েছেন দৃশ্যম (২০১৫) ও গোলমাল অ্যাগেইন (২০১৭) সিনেমায়।
ছবিতে আরও অভিনয় করেছেন জাভেদ জাফরি, জিমি শেরগিল ও অলোক নাথ। এর মধ্যে একাধিক নারীকে যৌন নিগ্রহের দায়ে অলোককে গত বছর বয়কট করেছে সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন।
এ প্রসঙ্গে অজয় জানান, অলোকের বিরুদ্ধে অভিযোগ ওঠার বেশ আগে ‘দে দে পেয়ার দে’র দৃশ্যায়ন হয়েছে।