আসন্ন রোজায় ভোজ্যতেল, চিনিসহ অপরিহার্য নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যাবসয়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্প স্থাপনের উপযোগী ১১ অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধন, নতুন ১৩ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত ১৬ শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন এবং নতুন ২০ শিল্পপ্রতিষ্ঠানের ভিত্তি স্থাপনসহ ৬৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে এসব বলেন।
তিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং মেঘনা বাণিজ্যিক অর্থনৈতিক জোনের দায়িত্বপ্রাপ্ত মোস্তাফা কামালের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাকে অনুরোধ করব রমজানে যেন তেল ও চিনির ঘাটতি না হয়। এটা আপনাদের সবার প্রতি আমার অনুরোধ।
সিটি ইকোনমিক জোন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনা বলেন, 'আগামী রোজায় চিনি, ডাল, ছোলার সমস্যা যেন না হয়। রমজানে দাম যেন বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখবেন।'
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরসহ ব্যবসায়ীরা ভিডিও কনফারেন্সে অংশ নেন।
সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমরা চাই প্রবাসীরা যেন এগিয়ে আসে। তারা যেন বিনিয়োগের সুযোগ পায়।'
বঙ্গবন্ধু শিল্পনগরীর সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, 'যারা জমির মালিক তারা যেন জমির দাম সঠিক সময়ে পায়। মানুষের জন্য আমরা কাজ করি। তাই মানুষের জন্য কষ্ট না হয়। যাদের জমি তাদের পরিবারের সদস্যরা যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পান সেদিকে খেয়াল রাখতে হবে'।
আব্দুল মোনেম অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী সব অর্থনৈতিক অঞ্চলে যেন প্রতিবন্ধী ব্যক্তিরা কাজের সুযোগ পায় সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী দপ্তরের এডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ অনুষ্ঠানের সমন্বয় করেন এবং বেজার'র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।
খবর: বাসস