'গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে'।
আর সেই 'টোকা' দেবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বুধবার নিজের ফেসবুক পেজেই এমনটা জানিয়েছেন তিনি।
এর আগে ১৫ ফেব্রুয়ারি সোহেল তাজ একটি ভিডিও দিয়ে জানান, ‘আর ইউ রেডি’? সে ভিডিওর মূল বিষয় 'সোহেল তাজ আসছে আপনার দরজায়'।
এরপর বুধবার দেওয়া একটি ভিডিওতে সোহেল তাজ জানান,
'বিশেষ দ্রষ্টব্য ১: যদিও গ্রামের সড়কে মোটরবাইক চলাচলে মাথায় হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা নেই, তবুও আমি নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহারের অনুরোধ জানাই।'
বুধবার দেওয়া ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ গ্রামের সড়কে মোটরসাইকেল চালাচ্ছেন। ঘুরতে ঘুরতে তিনি একটি মাটির বাড়ির সামনে এসে দাঁড়ান এবং দরজায় তিনটি টোকা দেন।
সোহেল তাজ জানান, 'বিশেষ দ্রষ্টব্য ২: সকল ফুটেজ পেশাদার ফিল্ম ক্রু দ্বারা "নিয়ন্ত্রিত পরিবেশে" ধারণ করা হয়েছে ।'
এ ভিডিওতেও লেখা ছিল, 'সোহেল তাজ আসছে আপনার দরজায়', আপনি রেডি তো'?
মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ বর্তমানে নিজ বাড়ি গাজীপুর আছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার তিনি ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানান, 'দরদরিয়া, কাপাসিয়া গ্রামের বাড়ির সামনে, ২৬ মার্চ ২০১৯। আজ থেকে ৪৮ বছর আগে আমার বাবা তাজউদ্দীন আহমদকে খুঁজতে এসে পাক হানাদার বাহিনী এই বাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয়। জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসী পুকুর থেকে পানি এনে আগুন নেভায়- অর্ধেক বাড়ি আগুনে পুড়ে যায়।'