বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ আয়োজিত কনসার্টে বেশ কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তবে, সম্মানহানি এবং হেনস্তা হওয়ার ভয়ে ও লজ্জায় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে রাজি হচ্ছেন না হয়রানির শিকার শিক্ষার্থীরা। এদিকে, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ৯ টার মধ্যে ক্যাম্পাসের ১ নং খেলার মাঠে কনসার্ট দেখতে আসা ছাত্রীরা এই হয়রানির শিকার হন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, অল্প দিনের মধ্যেই স্বপ্নের ক্যাম্পাসটা আতঙ্কে পরিণত হয়েছে। ওই সন্ধ্যাটা আমি ভুলে যেতে চাই। এ সময় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তার জোর দাবি জানান তিনি।
এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ৮টার কিছু পর ক্যাম্পাসের বাসস্ট্যান্ডের পাশে এক ছাত্রীকে যৌন হেনস্তা করে চার যুবক। পরে ওই ছাত্রী কাঁদতে কাঁদতে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর পুলিশ ফাঁড়ির সামনে দুই তরুণীকে উত্ত্যক্ত করে বখাটেরা। এ সময় বখাটেরা তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
কনসার্টে আসা কয়েকজন দর্শক জানান, আয়োজন অনেক বড় হলেও পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। তাই বখাটেরা কনসার্টে আগত বেশ কয়েকজন তরুণীকে যৌন হয়রানি করেছে।
রায়হান নামের এক শিক্ষার্থী বলেন, সন্ধ্যার পর অনুষ্ঠানস্থলে বখাটেদের উপদ্রব বেড়ে যায়। রাত ৮ টার পর থেকে তারা অনেক ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফরিদ উল ইসলাম বলেন, রাত আটটার পর্যন্ত অনুষ্ঠানের অনুমোদন করা হয়েছে। এ সময় ওই স্থানে নিরাপত্তাকর্মীরা কাজ করবে। নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান পরিচালনা করা ঠিক হবে না। পরবর্তীতে কিছু ঘটলে তার দায়ভার আয়োজক কমিটিকে নিতে হবে।
শিক্ষার্থীদের যৌন হয়রানির শিকার হওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন, যৌন হয়রানির বিষয়ে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসে নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।