নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান করতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নদী ভাঙন রোধে শুধু বাঁধ দিলেই হবেনা, স্থায়ী সমাধানের জন্য নদীকে শাসন করতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভাঙনকবলিত দিঘলবাগে কুশিয়ারা নদীর তীর পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ছোটখাট কাজ করে সমাধান হবেনা। শুধু বাঁধ দিলেই বাঁধ রক্ষা হয়না। আপাতত যাতে বাড়িঘর আর না ভাঙে সে ব্যবস্থা করা হবে।  বর্ষার পরে পুরো প্রকল্পের কাজ শুরু করা হবে। 

পরে প্রতিমন্ত্রী স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন। এতে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সংসদ সদস্য গাজী মো. শাহনওয়াজ মিলাদ।

ভাঙন কবলিত নদীর তীর পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, সিলেটের বিভাগীয় প্রধান প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী এমএল সৈকত প্রমুখ।