নীলফামারীতে পুণ্যস্নানে নেমে সুমন চন্দ্র রায় (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নীলসাগরে (বিন্না দিঘি) সনাতন ধর্মালম্বীদের শুরু হওয়া তিন দিনব্যাপী পুণ্যস্নান উৎসব চলাকালে এই ঘটনা ঘটে।
সুমন চন্দ্র রায় জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের মুসরত গোড়গ্রাম মোনাগঞ্জ গ্রামের কৃষক সুকুমার চন্দ্র রায়ের ছেলে। সে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। তাকে উদ্ধার করতে বেলা ১১টা থেকে রংপুর দমকল বাহিনীর ডুবুরি ইউনিট অভিযান চালালেও বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সন্ধান পেতে ব্যর্থ হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, সুমনের নিখোঁজের খবর পেয়ে দমকল বাহিনীকে খবর দিলেও তারা (গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত) উদ্ধার করতে পারেনি। নীলফামারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।