বন্ধ হচ্ছে সনি স্মার্ট ফোনের চীনা কারখানা

টেক ওয়ার্ল্ডে জাপানি প্রতিষ্ঠান সনি একটি সুপ্রতিষ্ঠিত নাম। তাদের জনপ্রিয় স্মার্টফোন ‘এক্সপেরিয়া’ এবং মিউজিক প্লেয়ার ‘ওয়াকম্যান’র অনেক আগেই বাজার মাত করেছিল। প্রযুক্তিপ্রিয় মানুষের কাছে বিশ্বত প্রতিষ্ঠান সনি এবার চীনের বেইজিংয়ে অবস্থিত একটি স্মার্টফোন নির্মাণ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। মূলত ব্যয় সংকোচন করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। লোকসান কাটিয়ে স্মার্টফোন বাজারে আবার লাভের মুখ দেখতে চায় সংস্থাটি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন ধরে কঠিন সময় পাড়ি দিচ্ছে সনি। গত মার্চে সদ্য সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় ৮৬ কোটি ৩০ লাখ ডলার লোকসান গুনেছে। তবে, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের কোনো প্রভাব এ সংস্থার ওপর পড়েনি বলে মন্তব্য করেছেন এক মুখপাত্র। চীনা কারখানা বন্ধ হলে কতসংখ্যক শ্রমিকের ওপর এর প্রভাব পড়বে, সে সম্পর্কে কিছু জানাননি ওই মুখপাত্র। জানা গেছে, চীনা কারখানা বন্ধ করে তাইওয়ানে একটি নতুন স্মার্টফোন নির্মাণ প্ল্যান্ট বানাতে পরিকল্পনা করছে সনি।

চীনা কারখানা বন্ধ ছাড়াও প্রতিষ্ঠানটি তাদের কর্মীসংখ্যা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনতে চায়। একটি প্ল্যান্টে তারা কয়েকটি পণ্যকে সম্পৃক্ত করতে চায়। গৃহবিনোদন পণ্য থেকে জরুরি ডিভাইস এবং স্মার্টফোন সব একসঙ্গে উৎপাদন পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

২০২০ সালের মধ্যেই ট্রেকে ফিরতে চায় সনি। যেকোনো উপায়েই হোক এ সময়ের মধ্যেই লাভের মুখ দেখতে চায় তারা। বর্তমান সময়ে স্মার্টফোনই সব মানুষের সঙ্গে যুক্ত থাকার একটি সহজ প্রক্রিয়া। এই শ্রেণির কাছে মার্কেট ভ্যালু ফিরিয়ে আনতে তাই স্মার্টফোন উৎপাদনেও আরও মনোযোগী হতে চায় সনি। গত অর্থবছরে মাত্র ৬৫ লাখ স্মার্টফোন বিক্রি করেছে সনি। কিন্তু এসব হিসাব বাদ দিয়ে আবার একটি ফ্রেশ স্টার্ট চায় তারা। টেকবাজারে টিকে থাকার জন্য গত ১ এপ্রিল থেকেই নতুন নীতিনির্ধারণীর মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি।