জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিসের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
দুদকের ওই নোটিস চ্যালেঞ্জ করে রুহুল আমিন হাওলাদারের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
আদালতে হাওলাদারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন সংস্থাটির প্রধান কৌঁসুলি খুরশীদ আলম খান।
বৃহস্পতিবার সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে হাওলাদারের হাজির হওয়ার কথা ছিল। হাইকোর্টের এ আদেশের ফলে তাকে হাজির হতে হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের জন্য গত বছরের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুদক। ওই সময় তিনি দুদকে হাজির না হয়ে হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। গত ২৮ মার্চ ফের তাকে হাজিরার চিঠি পাঠায় দুদক। দুদকের ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টে রিট আবেদন করেন রুহুল আমিন হাওলাদার।