হাওলাদারকে তলবে দুদকের নোটিসের কার্যকারিতা স্থগিত

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিসের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। দুদকের ওই নোটিস চ্যালেঞ্জ করে রুহুল আমিন হাওলাদারের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আদালতে হাওলাদারের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন সংস্থাটির প্রধান কৌঁসুলি খুরশীদ আলম খান। আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাওলাদারের হাজির হওয়ার কথা ছিল।