ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বেনেগাল বলেছেন, মুজিব বর্ষ ২০২০-২১ শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটির নির্মাণকাজ শেষ হবে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী ও চিত্র পরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনীনির্ভর একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি বাংলাদেশ সরকার ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হবে। শ্যাম বেনেগাল এই চলচ্চিত্রটি (বায়োপিক) পরিচালনা করবেন। এর আগে ২০১৭ সালে ভারত ও বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধবিষয়ক একটি তথ্য চিত্র নির্মাণের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি তার শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে।