শৈশবে যৌন হেনস্তার শিকার হন ফাতিমা সানা

‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ জানিয়েছেন, শৈশবে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। তবে ঠিক কী ঘটেছিল বর্ণনা দেননি তিনি। সঙ্গে যোগ করেন, নারী কুস্তিগিরদের নিয়ে নির্মিত সিনেমাটির সময় বা তার পরে এমন কিছু ঘটেনি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মিটু আন্দোলন নিয়ে মন্তব্য করেন ফাতিমা।

সেখানে বলেন, “এ ব্যাপারে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে আমার। তবে আমার মনে হয়, শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এই আন্দোলনকে বেঁধে রাখা ঠিক নয়। কারণ শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই যৌন নিগ্রহ ঘটে এমন নয়। বরং সব চাকরির ক্ষেত্রেই ঘটে। আমার সঙ্গেও ঘটেছে।”

ফাতিমা বলেন, “ছোটবেলাতেই এমন অভিজ্ঞতা হয় আমার। তাই ইদানীং এই ধরনের ঘটনা বাড়ছে ভাবা ভুল। আমি কেন মুখ খুলছি না, তা জানতেও উৎসুক অনেকে। কিন্তু সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “এই দেশের বহু নারীই যৌন নিগ্রহের শিকার হয়েছেন। কিন্তু জনসমক্ষে তা নিয়ে কথা বলতে প্রত্যেকে স্বচ্ছন্দ বোধ নাও করতে পারেন।”

শুরু থেকেই মিটু আন্দোলনে সমর্থন জানিয়ে এসেছেন এ অভিনেত্রী। কিন্তু বরাবরই নিজের অভিজ্ঞতার কথা এড়িয়ে গেছেন। ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার সময় এ নিয়ে প্রশ্ন উঠলে জানিয়ে দেন, নিজের জীবনের ওই অধ্যায় নিয়ে জনসমক্ষে আলোচনা করতে চান না।