জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে।
‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর উদ্যোগে পেলে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন। যার নাম হবে ‘পেলে আর্থ কাপ’। এই টুর্নামেন্ট সফল করতে তিনি শেখ হাসিনাকে পাশে চান।
পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আমিন ভূঁইয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি ও ভিডিও বার্তা পাঠিয়েছেন পেলে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শেখ হাসিনা আন্তর্জাতিক পর্যায়ে যে ভূমিকা রেখে চলেছেন, তার ভূয়সী প্রশংসা করা হয়েছে সেখানে।
পেলে তার চিঠিতে শেখ হাসিনার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন। প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল ভিশনের। তাকে সত্যিকারের বৈশ্বিক নাগরিক হিসেবে আখ্যা দিয়েছেন।
শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে চিঠিতে পেলে লিখেছেন, ‘জলবায়ু পরিবর্তন থামাতে আপনার দৃঢ় নেতৃত্বর প্রশংসা করছি আমি। আমি আশা করি আপনি পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিসের এই উদ্যোগে শামিল হবেন।’