রোহিঙ্গাদের ওপর এবার হেলিকপ্টার হামলা, নিহত ৫

রোহিঙ্গাদের ওপর নতুন করে হামলা শুরু করেছে মিয়ানমার। রাখাইন প্রদেশের গ্রামবাসী এবং এক সাংসদ রয়টার্সকে জানিয়েছেন, তাদের ওপর সামরিক বাহিনী হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে। এই ঘটনায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি ১৩ জন আহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মেজর-জেনারেল তুন তুন এনওয়াই শুধু বলেছেন, যথা সময়ে ‘সত্য খবর’ প্রকাশ করা হবে।

মিয়ানমার তাদের সংখ্যালঘু আদিবাসী রোহিঙ্গাদের স্বীকৃতি দেয় না। তারা এই সম্প্রদায়কে বাঙালি বা প্রতিবেশী বাংলাদেশের অবৈধ অভিবাসী বলে দাবি করে। তাদের তাড়াতে গত কয়েক বছর ধরে নির্মম নির্যাতন চালাচ্ছে দেশটি। প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বিরাট একটা অংশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ থেকে একাধিকবার দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ হামলার ঘটনাটি বুথাইদুং শহরের একটি উপত্যকায়। ওই গ্রামটিতে মুসলিম রোহিঙ্গাদের বসবাস।