রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ হাসিম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত হাসিম টেকনাফ উপজেলার নয়াপাড়া শরনার্থী শিবিরের এইচ ব্লকের ৬৮২ নম্বর শেডের ২ নম্বর রুমের বাসিন্দা পীর মোহাম্মদের ছেলে। সে রোহিঙ্গাদের কাছে হাসিম ডাকাত নামে পরিচিত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া শিবিরের এইচ ব্লকে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা সূত্র জানিয়েছেন, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে অস্ত্রধারী একদল ডাকাত শিবিরের এইচ ব্লকে এসে মো. হাসিম ডাকাতকে গুলি করে পালিয়ে যায়। এ সময় গুলির শব্দ শুনে আশপাশের রোহিঙ্গারা ছুটে এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শিবিরের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম ঘটনার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে সশস্ত্র ডাকাত দলের গুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। তবে তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে বলে জানা গেছে।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় তিনি।