শাস্তি হিসেবে এক শিক্ষার্থীর থুতু অন্যজনকে খাওয়াতে বাধ্য করার অভিযোগ উঠেছে জামাল উদ্দিন নামের এক শিক্ষকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ চতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দিনের পর দিন এমন শাস্তির কারণে স্কুলে যেতে শিক্ষার্থীদের অনীহা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার আবারো থুতু খাওয়ানোর ঘটনায় ফুঁসে উঠেছেন অভিভাবকসহ শিক্ষার্থীরা। এ ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন তারা।
ওই স্কুলের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, কোনো কিছু হলেই জামাল স্যার মারধর করেন। এ ছাড়া একজনের থুতু অন্যজনকে খেতেও বাধ্য করেন। এ কারণে ভয়ে-লজ্জায় তারা স্কুলে যেতে চায় না । শিশুদের থুতু খাওয়ানোর কারণে তারা স্কুলে যেতে চায় না। এ ঘটনার বিচার দাবি করেন অভিভাবকরা।
শিক্ষার্থীদের থুতু চাটানোর বিষয়টি স্বীকার করে জামাল উদ্দিন বলেন, আমি স্কুলে ক্ষমা চেয়েছি।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক খালেদা আক্তার বলেন, ঘটনার বিষয়ে শনিবার ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে। সভার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।