যতদিন খালেদার মুক্তি না হবে ততদিন আন্দোলন: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যতদিন পর্যন্ত না গণতন্ত্র মুক্তি পায়, যতদিন পর্যন্ত না গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি না পাবেন ততদিন আন্দোলন চলবে।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশ শেষে মিছিল বের করেন মহিলা দলের নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীদের হাতে খালেদা জিয়ার মুক্তি দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সত্যের জন্যে এই ইট-পাথর-কংক্রিটের রাজপথে মিছিল চলবে, আন্দোলন চলবে। যাত্রাবাড়ি থেকে গাবতলী আর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মিছিল চলবে। যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্রের মুক্তি হয়, যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া মুক্ত হন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনকে বন্দি করে সাময়িক লাভ খুঁজছেন। কিন্তু এতে কি আপনার মনে শান্তি আছে ? অবৈধভাবে, অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে কখনও মনে শান্তি থাকে না। সব সময়ে পতনের আশংকায় আপনার দুশ্চিন্তা সব সময় থাকবে।

রিজভী বলেন, খালেদা জিয়া হেঁটে কারাগারে গেছেন। এখন তিনি হাঁটতে পারছেন না, হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে তাকে। অন্যের সাহায্য ছাড়া চলতে পারছেন না। ক’দিন পর পর তাকে আদালতে নিয়ে যাচ্ছেন টেনে হিচড়ে। কিন্তু কেন? এই টানা-হিঁচড়া করে কি খালেদা জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছেন ?

এ সময় সারা দেশে নারী ও শিশু নির্যাতন রোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রী এক এক করে গণতন্ত্র হরণ করেছেন, স্বাধীনতাকে ধ্বংস করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন, মানুষের মৌলিক অধিকার হরণ করেছেন। আপনি গণতন্ত্র ধ্বংস করে হরণতন্ত্র চালু করেছেন।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান, পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার ভুঁইয়া, সাবিনা ইয়াসমীন, মাসুদা খানম লতা, নিলুফার ইয়াসমীন নিলু, সেলিনা হাফিজ, মর্জিনা আফসারী প্রমুখ।