টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ হাসিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াপাড়া শিবিরে গোলাগুলির এ ঘটনা ঘটে। তিনি শিবিরের এইচ ব্লকের ৬৮২ নম্বর শেডের ২ নম্বর রুমের বাসিন্দা পীর মোহাম্মদের ছেলে।
নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্পে একদল অস্ত্রধারী ডাকাত হাসিমকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের রোহিঙ্গারা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসিমের বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।