সাকিবকে ছাড়াই হায়দরাবাদের আরেকটি জয়

টানা তৃতীয় ম্যাচে সাকিব আল হাসানকে বাইরে রেখে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে দিল্লি ক্যাপিটালসকে হারাতে মোটেও কষ্ট হয়নি তাদের। আসরে নিজেদের টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি।

বৃহস্পতিবার লো-স্কোরিং ম্যাচে দিল্লিকে ৫ উইকেটে হারায় সানরাইজার্স। নিজেদের মাঠ ফিরোজ শাহ কোটলায় টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান করে দিল্লি। জবাবে ৯ বল আর ৫ উইকেট হারে রেখে জয় নিশ্চিত করে হায়দরাবাদ।

আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরেছিল হায়দরাবাদ। সে ম্যাচে একাদশে ছিলেন সাকিব। তবে এরপর থেকে আর টিম কম্বিনেশনের কারণে খেলা হচ্ছে না বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়কের।

এদিন হায়দরাবাদের বোলাররা দারুণ বোলিং করেছেন। শুরু থেকেই তাই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দিল্লি। অধিনায়ক শ্রেয়াস আয়ার সর্বোচ্চ ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান অক্ষয় প্যাটেলের। ২৩ রানে অপরাজিত ছিলেন তিনি।

হায়দরাবাদের পক্ষে ২টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবি ও সিদ্ধার্ত কল।

১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৪ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ঝোড়ো ব্যাটিংয়ে বেয়ারস্টো করেন ৪৮ রান। ২৮ বলে ১ ছক্কা ও ৯ চারে নিজের ইনিংসটি সাজান তিনি। এরপর আগের তিন ম্যাচে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করা ওয়ার্নার ১০ রান করে ফেরেন।

এরপর আরো তিন উইকেট হারালেও জয় তুলে নিতে কষ্ট হয়নি হায়দরাবাদের। মোহাম্মদ নবি অপরাজিত ১৭ ও ইউসুফ পাঠান অপরাজিত ৯ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন জনি বেয়ারস্টো।

৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে গেছে হায়দরাবাদ। আর ৫ ম্যাচে ৩টিতেই হেরে দিল্লি আছে পাঁচ নম্বরে। তাদের পয়েন্ট ৪।