ফিফা র্যাংকিংয়ে উন্নতিটা অনুমেয়ই ছিল। কম্বোডিয়ার মাটিতে স্বাগতিকদের হারানোর পরই সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এরপর ছিল জানার অপেক্ষা। সেটা জানা গেছে গতকাল প্রকাশিত র্যাংকিংয়ের মাধ্যমে। ওই জয়ের সুবাদে চার ধাপ এগিয়ে বাংলাদেশ। ১৯২ থেকে এখন তারা রয়েছে ১৮৮তম স্থানে। বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে কোচ জেমি ডে জানিয়েছিলেন, তার প্রাথমিক লক্ষ্য ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ দলের উন্নতি। সেই লক্ষ্যে এবার কিছুটা হলেও সফল তিনি। গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র্যাংকিংয়ে বাংলাদেশ ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে ছিল ১৯২তম স্থানে। ২ রেটিং পয়েন্ট যোগ হওয়ায় বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯০৯।
গত মাসে বাংলাদেশের কাছে হেরে এক ধাপ নেমে কম্বোডিয়ার অবস্থান এখন ১৭৩তম স্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানটা ধরে রেখেছে ভারত (১০১)।
চলতি বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছে বেলজিয়াম। কোনো পরিবর্তন নেই শীর্ষ তিনে। র্যাংকিংয়ে এবারও দশের বাইরে লাতিন অঞ্চলের দেশ আর্জেন্টিনা। এছাড়া ইংল্যান্ড, উরুগুয়ে ও জার্মানির উন্নতি হলেও এক ধাপ নেমে গেছে পর্তুগাল।