পবার সেমিনার

নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে মৌলিক সুবিধা দেওয়ার দাবি

নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, জ্বালানি, পয়ঃনিষ্কাশন, আবাসনসহ সব সুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব বলেন, এ শহরে নিম্ন আয়ের মানুষেরা ময়লা-অবর্জনা পরিষ্কার থেকে শুরু করে সব ধরনের কাজ করে। তারা শ্রম দিয়ে বিশাল অট্টালিকা, রাস্তাঘাট গড়ে তুলতে সহায়তা করে। তাদের বিনামূল্যে সব মৌলিক সুবিধা দিতে হবে।

সেমিনারে উপস্থিত ছিলেন পবার সভাপতি আবু নাসের খান, হেলথ অ্যান্ড হোপ চেয়ারম্যান ডা. লেনিন চৌধুরী, আওয়ামী বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক রাশেদ হাওলাদার। রাশেদ হাওলাদার বলেন, সরকার বস্তিবাসীর পুনর্বাসনে যে প্রকল্প নিয়েছে সেখানে ৫০০ বর্গফুটের বড় ফ্ল্যাট হলে তা বাস্তুহারা মানুষদের স্বার্থের বাইরে চলে যাবে। এ ছাড়া ২০ বছর মেয়াদি পরিকল্পনায় ২ শতাংশ হারে ঋণের ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়।