ঝুঁকিপূর্ণ ভবনে ‘সতর্কতা’ স্টিকার লাগাবে ডিএনসিসি

অগ্নিনিরাপত্তায় ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সতর্কতামূলক স্টিকার লাগাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ বিষয়ে সচেতনতা বাড়াতে ১০টি ‘ভবন পরিদর্শন দল’ গঠন করেছে তারা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের নগর ভবনে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সংক্রান্ত এক সভা শেষে এসব তথ্য জানানো হয়।

দলটির কার্যক্রম সম্পর্কে মেয়র বলেন, দলগুলো ডিএনসিসি এলাকায় অবস্থিত বহুতল ভবনে গিয়ে পূর্বেই তৈরি করা একটি চেকলিস্টের মাধ্যমে ভবনের অগ্নিঝুঁকি পরীক্ষা করবে। কোনো ভবনে অগ্নিনিরাপত্তা যথেষ্ট না থাকলে সে ভবনের প্রবেশস্থলে ‘এই ভবনটির অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত নয়, সতর্ক থাকুন’ লেখা একটি স্টিকার লাগিয়ে দেওয়া হবে। এ ছাড়া ভবনে বসবাসকারী বা ভবন মালিককে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে।

ডিএনসিসি কর্মকর্তারা জানান, প্রতিটি অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে দুটি করে দল গঠন করা হয়েছে। ডিএনসিসি, ফায়ার সার্ভিস, বেসরকারি সংস্থা, বিভিন্ন কমিউনিটির সদস্যদের সমন্বয়ে প্রতিটি দলে ১০-১৫ জন সদস্য থাকবেন। আগামীকাল শনিবার সকাল ১০টায় নগর ভবনে ‘ভবন পরিদর্শন দলের’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মেয়র।