গায়ে জড়ানো ফুলের প্রিন্টেড শাড়ি আর খোঁপায় ফুল গুজে দিয়ে কোমনীয় রূপে বসে আছেন সোনাক্ষী সিনহা।
দাবাং থ্রি সিনেমায় চুলবুল পান্ডের ভূমিকায় সালমান খানকে দেখা হয়ে গেছে আগেই। এবার দেখা গেল চুলবুল পান্ডের স্ত্রী রজ্জোর ভূমিকায় সোনাক্ষীর ফার্স্ট লুক। দাবাং সিরিজের প্রথম দুটি সিনেমাতেও রজ্জোর ভূমিকায় ছিলেন সোনাক্ষী।
গতকাল ইনস্টাগ্রামে খোঁপায় ফুল দেওয়া প্রিন্টেড শাড়ি পরা সোনাক্ষীকে দেখা গেছে। ফার্স্ট লুকেই ফুটে উঠেছে কোমল এক নারীর ছবি।
ছবির ক্যাপশনে সোনাক্ষী লিখেন, “রজ্জো ফিরে এসেছে। দাবাং থ্রি-এর প্রথম দিনের শুটিং। ঠিক যেন বাড়ি ফিরে আসার অভিজ্ঞতা। আপনাদের শুভেচ্ছা আমার পাথেয়। সঙ্গে তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘দাবাং গার্ল’।”
ইতোমধ্যে সোনাক্ষী সিনহার ছবিটি ইনস্টাগ্রামে এক লাখ লাইক পেয়ে গেছে। অনেকেই সোনাক্ষীর ফার্স্ট লুকের প্রশংসা করেছেন। কমেন্টে ‘কলঙ্ক’ সিনেমায় তার সহ-অভিনেতা বরুণ ধাওয়ান লিখেন, ‘হাততালি'। অভিনেত্রী ও গায়িকা সোফি চৌধুরী লিখেন, ‘মিষ্টি’।
দাবাং থ্রি-এর পরিচালনা করছেন প্রভু দেবা। দাবাং সিরিজের আগের দু’টি সিনেমার মতোই তৃতীয় ছবিটির প্রযোজনা করছেন আরবাজ খান। তিনি নিজেও চুলবুল পান্ডের ভাই মাখনচাঁদ ওরফে মক্ষী পান্ডের ভূমিকায় সিনেমায় থাকবেন। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাবে।