‘মুন্নাভাই’ নির্মাতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ অবিশ্বাস্য

আলোক নাথ, নানা পাটেকর, অনু মালিক, রজত কাপুর, সাজিদ খান, বিকাশ বেহল, কৈলাস খের, বিবেক অগ্নিহোত্রীসহ অনেকের পর পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ উঠে বলিউডে। তবে ঘটনাটি বিশ্বাস করেন না বলে জানালেন নির্মাতার জনপ্রিয় ‘মুন্নাভাই’ সিনেমার নায়ক সঞ্জয় দত্ত।

বলা হচ্ছে, অন্য কারো কারো বিরুদ্ধে অভিযোগ কিছুটা বিশ্বাসযোগ্য হলেও রাজু এমনটা করতে পারেন- বিশ্বাস করছেন না বি-টাউনের অনেকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, “রাজু এমনটা করতে পারে আমি বিশ্বাসই করি না।”

রাজকুমার হিরানির সর্বশেষ সিনেমা ছিল সঞ্জয়ের বায়োপিক ‘সঞ্জু’। এ নায়ক বলেন, “রাজুর সঙ্গে আমি বহু ছবিতে কাজ করেছি। বহু বছর ধরে কাজ করছি। আমি জানি না ওই নারী বিরুদ্ধে কেন এমন অভিযোগ এনেছে। আমাদের অনেকের কাছেই এই অভিযোগের কোনো ভিত্তিই নেই। কারণ তিনি এমন একটা লোক যার বিরুদ্ধে এইরকম অভিযোগ বিশ্বাসযোগ্য হতেই পারে না।”

‘মুন্নাভাই থ্রি’র সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেন, “ আমি ঠিক জানি না মুন্নাভাইয়ের সঙ্গে কী ঘটতে চলেছে। শেষবার যখন রাজুর সঙ্গে দেখা হয়েছিল তখন বলেছিল সিনেমাটি হওয়ার সম্ভাবনা ১১০ শতাংশ। এমনকি প্রযোজক বিধু বিনোদ চোপড়া একই কথা বলেছিল। তবে আমার মনে হয় তারা যখন মনে করবেন এটাই এই ছবি বানানোর সঠিক সময়, তখনই হবে,  চিত্রনাট্য তৈরি হলেই শুটিং শুরু হবে।”

এর আগে রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ বিশ্বাস করতে পারছেন না বলে জানিয়েছিলেন অভিনেত্রী অমরদীপ ঝা ও দিয়া মির্জা।

অমরদীপ ঝা বলেন, “আমি হতবাক, বিশ্বাস করতে পারছি না। উনার মতো মানুষ যাকে আমি অনেক কাছ থেকে চিনি। সিনেমার সেটে উনি একজন দেবদূতের মতো। উনি সিনেমার সেটে সকলের সঙ্গে সমান ব্যবহার করেন। সিনেমার শুটিং করতে গিয়ে ওর সঙ্গে সবসময়ই কথা হতো, তবে যেটা শুনছি বিশ্বাস হচ্ছে না। ওনার সম্পর্কে আমি এমনটা স্বপ্নেও ভাবতে পারি না। ওই নারী যা বলেছেন তার বক্তব্যের ঠিক-বেঠিক বিচার করতে আমি যাচ্ছি না। তবে আমি ভীষণভাবে বিশ্বাস করি রাজকুমার হিরানি এমনটা করেননি।”

দিয়া মির্জা বলেন, “আমি এমন অভিযোগে ভীষণ আঘাত পেয়েছি। আমি এমন একজন, যিনি রাজু স্যারকে দীর্ঘ ১৫ বছর ধরে জানি, শ্রদ্ধা করি। আমি এখন শুধুমাত্র অফিশিয়াল তদন্তের অপেক্ষায় রয়েছে। উনি ভদ্র একজন মানুষ। তবে এর বেশি কিছু আমার বলা উচিত নয়। কারণ ঠিক কী ঘটেছে সেটাও আমি জানি না “