ফেব্রুয়ারির ‘ডগফাইটে’ পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার জোর দাবি করে আসছে ভারত। তবে তাদের জন্য দুঃসংবাদই দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা গুনে দেখেছেন, পাকিস্তানের সবক’টি এফ-১৬ যুদ্ধবিমানই অক্ষত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে আমেরিকান নিউজ ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ এমন তথ্য দিয়েছে।
এনডিটিভি জানায়, “বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়- এ বিষয়ে সরাসরি জানাশোনা আছে এমন দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ফরেন পলিসিকে বলেন, সম্প্রতি মার্কিন সামরিক কর্মকর্তারা ইসলামাবাদের এফ-১৬ যুদ্ধবিমানগুলো গুনে দেখেছেন এবং সবক’টি যুদ্ধবিমানই তারা পেয়েছেন।”
ভারত সরকার দাবি করে আসছে, গত ২৭ ফেব্রুয়ারি সামরিক স্থাপনায় আঘাত হানতে আসলে ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানি বিমানের সঙ্গে ‘ডগফাইটে’ জড়ান। নিজের মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত এবং সেটা থেকে বেরিয়ে আসার আগে পাকিস্তানি একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেন তিনি।
পাইলট অভিনন্দন কাশ্মীরের পাকিস্তান অধিকৃত অংশে পড়লে তাকে আটক করা হয়। পরে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান ‘শান্তির বার্তা’ হিসেবে তাকে ভারতে হস্তান্তরের ঘোষণা দেন।
ওই ‘ডগফাইটে’ সেকেলে মিগ-২১ দিয়ে পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার ‘কৃতিত্ব’ ভারতীয় সংবাদমাধ্যমগুলো মুখরোচক এবং ফলাও করে প্রচার করে। প্রায় সবক’টি সংবাদমাধ্যম একটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করে। ওই সংবাদমাধ্যমটি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছিল।
‘ফরেন পলিসি’র লরা সেলিগম্যানের এই প্রতিবেদনে বলা হয়, “যুক্তরাষ্ট্র দেখেছে পাকিস্তানের এফ-১৬ ফ্লিটের সবক’টি যুদ্ধবিমানই অক্ষত আছে এবং সেগুলো গুনে দেখা হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “গণনা সম্পন্ন হয়েছে। সবক’টি যুদ্ধবিমানই অক্ষত এবং গুনে দেখা হয়েছে।”
প্রসঙ্গত, পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার জবাবে পরদিন ২৭ ফেব্রুয়ারি ভারত অধিকৃত কাশ্মীরের আকাশে হানা দেয় পাক যুদ্ধবিমান। এসময় ‘ডগ ফাইটে’ একটি ভারতীয় মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং এর পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান।
একই সময়ে ভারত অধিকৃত কাশ্মীর অংশে একটি এমআই-১৭ মডেলের ভারতীয় হেলিকপ্টারও বিধ্বস্ত হয়। এতে বিমান বাহিনীর ছয় কর্মকর্তাসহ সাতজন নিহত হন।
অবশ্য পাকিস্তান দুটি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করলেও কোনো হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানায়নি। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ভারতই হয়তো নিজেদের কপ্টারটি ভূপাতিত করেছে। বিষয়টি তদন্ত করছে ভারত।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ গাড়িবহরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৯ জন সিআরপিএফ সদস্য নিহত হন। আহত হন আরও ডজনখানেক।
পরে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের কথিত আস্তানায় বিমান হামলা চালিয়ে প্রায় ৩৫০ জন জঙ্গিকে হত্যার দাবি করে ভারত। যদিও স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ঘটনায় কেবল একজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।