আল আমিন তোপে প্রাইম ব্যাংকের বিশাল জয়

সংগ্রহ খুব বড় ছিল না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। জিততে হলে বোলারদেরই করতে হতো দারুণ কিছু। সে দায়িত্বটা যেন একাই পালন করলেন পেসার আল আমিন হোসেন। নিয়েছেন পাঁচ উইকেট। তাতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিকে উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবার ফতুল্লায় খান সাবেক উসমান আলি স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের জয়টি ১৭২ রানের। ২২৩ রানের জবাবে মাত্র ৫০ রানে গুঁড়িয়ে যায় বিকেএসপি।

বোলিংয়ে এসেই প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে ধস নামান আল আমিন। শীর্ষ ছয় ব্যাটসম্যানের পাঁচজনই তার শিকার। অপরজন রান-আউট। ম্যাচসেরা আল আমিন পাঁচ উইকেট নিতে আট ওভার বল করে দিয়েছেন মাত্র ২০ রান!

প্রাইম ব্যাংকের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ ছাড়া বিকেএসপির ব্যাটসম্যানদের যেন কিছুই করার ছিল না। সাত নম্বরে নামা পারভেজ হোসেন ইমন (১৫) ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি বাকিদের কেউই। দলটির করা ৫০ রানের মধ্যে অতিরিক্ত থেকেই এসেছে দ্বিতীয় সর্বোচ্চ রান ১১! চলতি লিগে এটা কোনো দলের সর্বনিম্ন সংগ্রহ।

প্রাইম ব্যাংকের অন্য বোলারদের মধ্যে দুটি উইকেট নেন নাঈম হাসান। একটি করে উইকেট নেন মনির হোসেন ও আব্দুর রাজ্জাক।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২২ রানের সংগ্রহ পায় টসে জেতা প্রাইম ব্যাংক। রান আউট হওয়ায় ২ রানের জন্য সেঞ্চুরি হলো না দলটির ভারতীয় ব্যাটসম্যান অভিমানু ঈশ্বরনের। ১০৯ বলে খেলা তার ৯২ রানের ইনিংসটি রয়েছে দুই চার ও এক ছক্কা।

অন্যদের মধ্যে ৭০ বলে এক চার ও তিন ছক্কায় ৫০ রান করেন সাত নম্বরে নামা নাহিদুল ইসলাম। অধিনায়ক ও ওপেনার এনামুল হক বিষয় করেন ২৩ রান।

এই জয়ে তৃতীয়স্থানে থাকা প্রাইম ব্যাংকের পয়েন্ট দাঁড়িয়েছে ৯ ম্যাচে ১৪। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আবাহনী। রান রেটে পিছিয়ে দ্বিতীয়স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ।