বছর খানেক অন্তরালে থাকার পর অভিনয়ের ফিরলেন ইরফান খান। পূর্ব ঘোষিত ‘হিন্দি মিডিয়াম’-এর সিক্যুয়েলে কাজ করছেন তিনি। শুক্রবার উদয়পুরে শুরু হওয়া এই ছবির নাম রাখা হয়েছে ‘আংরেজি মিডিয়াম’।
গত বছর নিউরোএন্ড্রোক্রিন টিউমার ধরা পড়ার পর সিনেমা থেকে বিরতি নেন ইরফান। বিরল এই ক্যানসারের সঙ্গে লড়াই করে ক্যামেরার সামনে এলেন অবশেষে।
চলতি সপ্তাহের শুরুতে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় এই অভিনেতাকে, শোনা যাচ্ছিল ‘হিন্দি মিডিয়াম টু’ নামের সিনেমায় দেখা যাবে তাকে।
শুক্রবার প্রযোজক দিনেশ বিজন একটি ছবি প্রকাশ করেছেন যাতে বোঝা যাচ্ছে, যাবতীয় ঝামেলা মিটিয়ে ইরফান কাজে ফিরছেন। ছবি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া।
‘হিন্দি মিডিয়াম’ ২০১৭ সালের সর্বোচ্চ আয়ের চলচ্চিত্রগুলোর একটি। দিল্লির চাঁদনি চকের এক দম্পতির জীবনকে কেন্দ্র করে তৈরি হয় এই সিনেমা। অভিজাত সমাজের মতো করে বাঁচতে চান বলে তারা মেয়েকে দামি শিক্ষা দিতে প্রতিযোগিতায় নামেন।
প্রথম কিস্তিতে ইরফানের বিপরীতে অভিনয় করেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। ‘আংরেজি মিডিয়াম’-এ আছেন রাধিকা মদন ও কারিনা কাপুর খান।