রাজধানীর ডেমরায় বাস চাপায় প্রাণ হারিয়েছেন তাসকিন ইরান (১৯) নামে কলেজ শিক্ষার্থী। এ ঘটনায় বাস চালককে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ। ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে।
নিহত তাসকিন ইরানের বাবার নাম দীন মোহাম্মদ। সে গোলাম মোস্তফা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার সকাল সাড়ে ১২টার দিকে ক্রিকেট খেলার উদ্দেশ্যে বাসা থেকে বাইসাইকেল যোগে মাঠে যাওয়ার পথে রমজান পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ইরানের লাশ আমুলিয়া পূর্ব পাড়ায় নিজের বাসায় নিয়ে যান স্বজনরা। ডেমরা থানার এস আই আশরাফ বলেন, নিহতের পরিবার থেকে কোন মামলা ও ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে চাইলে, আইন বাধা দিতে পারে না।
এস আই আশরাফ দেশ রূপান্তরকে জানান, স্টাফ কোয়ার্টার রামপুরা রোডে মোস্তমাটি থেকে ১০০ গজ দক্ষিণে বাইসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় বাস চালক আটক ও বাসটি জব্দ করেছে রামপুরা থানা-পুলিশ।
ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ৫টার দিকে তাৎক্ষণিক স্পিডব্রেকার নির্মাণ করা হয়। আরো কয়েকটি স্পিডব্রেকার নির্মাণসহ স্থানীয় ও শিক্ষার্থীদের কয়েকটি দাবি মেনে নেয়া হয়েছে। তারা অবরোধ তুলে নিয়েছেন।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবার নিয়ে গেছে।