সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল তিন দিনের রিমান্ডে

বিইউপির শিক্ষার্থী আবরার চৌধুরীকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারের (৪২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক বাকী বিল্লাহ এই আদেশ দেন। দুপুরের পর ননী গোপালকে আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই কাজী শরিফুল ইসলাম। এরপর শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবরার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কাছে নদ্দায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

এর আগে, ২৭ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালত ঘাতক বাসের কন্ডাক্টর ইয়াসিন আরাফাত ও হেলপার ইব্রাহিমকে সাত দিনের রিমান্ডে পাঠান। পরে ২ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এরপর আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন। এছাড়া ২০ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালত বাসচালক সিরাজুল ইসলামকে সাত দিনের রিমান্ডে পাঠান। এরপর ২৮ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিরাজুল। পরে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, বিইউপি শিক্ষার্থী আবরার চৌধুরীকে চাপা দিয়ে হত্যার ঘটনায় ঘাতক বাসটির মালিক ননী গোপাল সরকারকে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মুগদার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আবরার চৌধুরীকে চাপা দেওয়ার আগে আরও একটি দুর্ঘটনা ঘটিয়েছিল ‘সুপ্রভাত’ বাসটি। গুলশানের শাহজাদপুর বাঁশতলা এলাকায় সিনথিয়া নামে এক কলেজছাত্রীকে ধাক্কা দেওয়ার পর চালক সিরাজুলকে আটক করে ট্রাফিক পুলিশের হাতে তুলে দেয় যাত্রীরা। এরপর কন্ডাক্টর ইয়াসিন আরাফাতকে বাসটি নিয়ে সরে পড়ার পরামর্শ দেন মালিক ননী গোপাল সরকার। পালানোর সময় আবরারকে চাপা দেয় বাসটি। এর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলে আত্মগোপন করেন ননী গোপাল সরকার।