চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশে প্রবেশের সময় এক পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। এ সময় ওই যাত্রী নুর ইসলামকে (৪০) ডলার পাচারের অভিযোগে আটক করা হয়েছে। আটক নুর ইসলাম মুন্সীগঞ্জ জেলার মাঠপাড়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে।
গতকাল শুক্রবার দুপুরে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকালে ভারত থেকে আসা বাংলাদেশি নাগরিক নুর ইসলামের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হলে প্রথমে তার মধ্যে শুল্ক ফাঁকি দিয়ে আনা পাঁচটি হুয়াওয়ে (ওনার ৯-এন) মডেলের স্মার্টফোন জব্দ করা হয়। এরপর তাকে আটক করে ব্যাগ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০ হাজার মূল্যের ইউএস ডলার উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, নুর ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর এবং জব্দকৃত মালামাল ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।