খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।

শুক্রবার বেলা ১১টার দিকে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ক্রমান্বয়ে চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। দেশনেত্রীকে চিকিৎসা দেওয়ার নামে নানা টালবাহানা ও জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, সরকার আমাদের দাবি উপেক্ষা করে বেগম জিয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসার সুযোগ না দিয়ে বরং বারবার বিএসএমএমইউতে চিকিৎসা দেওয়ার নামে মিথ্যার বেসাতি করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, খালেদা জিয়াকে আর কষ্ট দেবেন না, তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন। দেশনেত্রীর পছন্দের বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার সুযোগ দিন। কারণ আপনার নির্দেশেই খালেদা জিয়া কারাগারে।

মিছিলে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।