তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি অনেকবার আন্দোলনের কথা বলেছে। কিন্তু তাদের আন্দোলনের এই আহ্বান মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে দ্বিতীয় জাতীয় গণসংগীত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাছান মাহমুদ। শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, উদ্যাপন কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বহুবার আন্দোলনের কথা বলেছে। কিন্তু বিএনপির আন্দোলনের এই আহ্বান মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে।’ ‘আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে’ বিএনপির নেতাদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির মামলায় আদালতের দেওয়া সাজায় শাস্তি ভোগ করছেন। তিনি কোনো রাজনৈতিক বন্দি নন, তাকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি। রাজনৈতিক কারণে তিনি জেলে নেই। তাই তাকে মুক্ত করার পথ হচ্ছে আইনি প্রক্রিয়া।’