গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘রাষ্ট্রনায়ক হিসেবে দক্ষিণ এশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমকক্ষ দ্বিতীয় ব্যক্তি নেই। সারা দুনিয়ার সব জনপদের মানুষ শেখ হাসিনাকে বলেন ‘মাদার অব হিউম্যানিটি।’ গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে বাংলাদেশ কংগ্রেসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ১৬ লাখ মানুষ যখন অসহায় হয়ে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি, তখন বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্রনায়ক লম্বা বাণী দিয়ে দায়িত্ব শেষ করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের বর্ডার খুলে দিয়ে তাদের আশ্রয় দিয়েছেন। মানবতার জননী হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছেন।’ স্বাধীনতাবিরোধী শক্তির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করে, স্বাধীনতাবিরোধী রাজনীতি করে তাদের বিনাশ হোক। আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাই। ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের দল, ক্ষমতার বাইরে বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের চেতনার দল।’
রেজাউল আরও বলেন, ‘মানুষের উন্নয়নের রাজনীতিতে আমরা একটা জায়গায় দাঁড়ানোর প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সামাজিক সূচকে, অর্থনৈতিক সূচকে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে।’ তিনি বিত্তবৈভব ও প্রাচুর্য অর্জনের রাজনীতি থেকে বেরিয়ে আসার চলমান প্রক্রিয়ায় দেশবাসীকে শামিল হওয়ার আহ্বান জানান। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক প্রমুখ।