চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ধারালো অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলোÑ জাহিদ হাসান লাভলু (২৬) ও মো. সালমান (২২)। গতকাল শুক্রবার ভোরে রিয়াজউদ্দিন বাজারের মরিয়ম-বশির মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুজন ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করে বলে দাবি করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন দেশ রূপান্তরকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা রিয়াজউদ্দিন বাজার এলাকায় ছিনতাই এবং দোকান দখলসহ বিভিন্ন ব্যক্তির হয়ে প্রভাব বিস্তারের কাজে ভাড়ায় কাজ করে থাকে। তাদের কাছ থেকে চারটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।’
কিছুদিন আগে একই দলের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি মহসীন বলেন, ‘চট্টগ্রাম জেলা ও নগরীর একাধিক থানায় গ্রেপ্তার জাহিদের বিরুদ্ধে তিনটি এবং সালমানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তারা দুজনই সাতকানিয়ার বাসিন্দা।’