নগরীর নতুন রাস্তা মোড়ে পাবলা পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে অজ্ঞাতপরিচয় ২৫০ পাটকল শ্রমিককে আসামি করে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানার এসআই অমিত কুমার বাগচী বাদী হয়ে এ মামলা করেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।
দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের অবরোধ চলাকালে একদল উচ্ছৃঙ্খল শ্রমিক পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। তাদের হামলায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল বাশারসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া হামলাকারীরা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, ‘আমাদের কোনো শ্রমিক এই হামলায় জড়িত ছিল না। এরা সবাই বহিরাগত। যদি কোনো শ্রমিককে আটক করা হয় তবে সব মিল-কলকারখানা বন্ধ করে বিক্ষোভ করা হবে।’
সম্প্রতি বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে পাটকল শ্রমিকরা। গত বৃহস্পতিবার ছিল এর শেষ দিন।