সাগরপথে মালয়েশিয়াগামী ১১৫ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অবৈধ সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১১৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে আটটার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের কচ্ছপিয়া ঢালার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৫০ জন পুরুষ, ৩৯ জন নারী ও ২৬ জন শিশু রয়েছে। তারা সবাই উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পের অস্থায়ী বাসিন্দা।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, রাতে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাচারের জন্য দালাল চক্রের সহযোগিতায় কিছু রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে হোয়াইক্যংয়ের কচ্ছপিয়া ঢালার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে জানান ওসি।