কেউ সোনা আমদানি করে, কেউ করে খাদ্যদ্রব্য। আর জিম্বাবুয়ে সরকার করল বিচারকদের উইগ (বিশেষ সাদা পরচুলা)। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দেশটিতে সত্যি সত্যি এমন ঘটনা ঘটেছে। দুই লাখ টাকার বেশি খরচ করে স্থানীয় বিচারকদের জন্য ব্রিটেন থেকে এই পরচুলা কেনা হয়েছে!
জিম্বাবুয়ের ইন্ডিপেনডেন্ট সংবাদপত্র জানিয়েছে, দেশটির বিচার বিভাগীয় কমিশন থেকে ৬৪টি হর্স-হেয়ার পরচুলার অর্ডার দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২ লাখ ৫ হাজার টাকার মতো।
লন্ডনের পরচুলা বিক্রির প্রতিষ্ঠান স্ট্যানলি জিন্সবার্গের কর্ণধার এই অর্ডারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঠিক কতটি পরচুলা বিক্রি করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে চাননি তিনি।
জিম্বাবুয়ের আর্থিক অবস্থা গত কয়েক বছর ধরে এমনিতে ভালো নয়। তার ভেতর এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন দেশটির সাধারণ মানুষ। আইনজীবীরাও অসন্তোষ প্রকাশ করেছেন।
জিম্বাবুয়ের নাগরিক পিটি আর্নেস্ট ফেসবুকে লিখেছেন, ‘আমাদের কমলালেবু প্রেসিডেন্টের উচিত মিলিয়ন ডলার খরচ করে গলফের সরঞ্জাম কেনা। তাহলে তিনি প্রতি সপ্তাহে দারুণ সময় কাটাতে পারবেন।’
পিটির মতো কেউ মজা করছেন, কেউ আবার মজার ছলে ক্ষোভ উগরে দিচ্ছেন। কিন্তু সরকার চুপচাপ রয়েছে।