খাঁচার ভেতর সিংহ নিয়ে খেলা দেখাচ্ছেন রিং মাস্টার। সামনে দুই সিংহ। হঠাৎ একটি হামলে পড়ল তার ওপর। মাস্টার শেষ পর্যন্ত প্রাণে বাঁচলেও রক্তাক্ত হতে হয়েছে।
ভয়াবহ এই ঘটনাটি ইউক্রেনের। লুগানস্ক রাজ্য সার্কাসের প্রশিক্ষক হামাদা কউটার ওপর অতর্কিতে আক্রমণ করে ওই সিংহ।
ডেইলি মেইল জানিয়েছে, পুরো ঘটনাটিই নানা দিক থেকে ভিডিও করেন উপস্থিত দর্শকরা। অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খেলার মাঝে হঠাৎ ওই সিংহ তার প্রশিক্ষককে আক্রমণ করে মাটিতে আছড়ে ফেলে দেয়।
সিংহের আক্রমণে তেমন বড় কোনো আঘাত পাননি হামাদা। তিনি বলেন, ‘সিংহ আমার দিকে ঝুঁকে গায়ে লাফ মারে। কামড়ও দেয়। ভাগ্য ভালো যে ঘাড়ে কামড়ায়নি।’
তিনি জানান, সিংহরা নতুন জায়গায় আসার পর থেকেই একটু অস্বাভাবিক আচরণ করছিল। এমনিতে তারা এতটা আক্রমণাত্মক থাকে না।