গোপনে কিছু হয়নি রণবীর-আলিয়ার

ব্যক্তিগত জীবন নিয়ে বলিউডের অতি চর্চিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন। এমনও শোনা যাচ্ছে, গোপনে আংটি বদল করেছেন তারা।

সেই খবর অস্বীকার করেছেন আলিয়া। জানালেন, এ ধরনের কিছু ঘটেনি। সবই গুজব।

পরের ছবি ‘কলঙ্ক’-এর প্রোমোশন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ নায়িকা। ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন, অযথা তার বিয়ের তারিখ নিয়ে জল্পনা-কল্পনার কোনো মানে হয় না।

ঠিক কবে মনে হলো রণবীরই জীবনের সেই বিশেষ পুরুষ? অকপট আলিয়ার জবাব, “যেদিন প্রথম ওর সঙ্গে দেখা হয় সেদিনই। আবার বলছি, রণবীর খুবই সহজ সরল মানুষ। ও এতটাই ভালো যে, মাঝেমধ্যে আমার মনে হয়, কেন আমি ওর মতো হলাম না। অভিনেতা হিসেবেও একই কথা বলব।”

সঙ্গে যোগ করেন, “তবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই যখন আমাদের বিয়ে নিয়ে নানা আলোচনা পড়ি তখন খুবই বিরক্ত লাগে। রণবীরকেও বলি... তবে ওর এখন এই সবে অভ্যাস হয়ে গেছে।”

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান দুই তারকা। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে সম্মতিও পেয়েছেন তারা। এই জুটির প্রথম সিনেমাটি মুক্তি পাবে ডিসেম্বরে।