এরশাদের অবর্তমানে জাপা চেয়ারম্যান জিএম কাদের

সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে তার ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার রাতে এক সাংগঠনিক নির্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এ ঘোষণা দেন।

তিনি বলেন, “নিজের অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন দলের কো-চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করছি।”

এর আগে গত ৪ এপ্রিল জিএম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।

গত ২২ মার্চ জিএম কাদেরকে আকস্মিক কো-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেন এরশাদ। পরে সংসদে বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও তাকে সরিয়ে স্ত্রী রওশন এরশাদকে দায়িত্ব দেন।

এরশাদের এমন সিদ্ধান্তে দলের একটি অংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা জিএম কাদেরকে পুনর্বহালে এরশাদকে ৫ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেন। পরে ১৩ দিনের মাথায় জিএম কাদের দলের পদ ফিরিয়ে দিলেও উপনেতার পদে রওশনই বহাল রয়েছেন।