চট্টগ্রামে গাড়ি ধাক্কায় স্কুলছাত্রী আহত, সড়ক অবরোধ

চট্টগ্রাম কর্ণফুলী থানার শিকলবাহা কলেজ বাজার এলাকায় গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রী আহতের ঘটনায় তিন ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

শনিবার সকাল ১০টার দিকে এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাজমা আক্তারকে (১৪) একটি লেগুনা ধাক্কায় দেয়।

এরপর থেকে স্কুলের শিক্ষার্থীরা এবং স্থানীয়রা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে, যানবাহন থামিয়ে গাড়ি ভাঙচুর করে বিক্ষোভ শুরু করেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, স্কুলছাত্রীকে গাড়ি ধাক্কা দেওয়ায় রাস্তা অবরোধ করে স্থানীয় ও শিক্ষার্থীরা। বেলা ১২টার পর বিক্ষোভকারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়, সেখানে শিক্ষার্থীরা মহাসড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবি  জানায়। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এদিকে সড়ক অবরোধ করা কারণে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় বেশিরভাগ যাত্রী হেঁটে গন্তব্য যেতে দেখা গেছে।

আহত স্কুল ছাত্রী নাজমা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।